নির্বাচন রোজার আগেই হতে পারে: প্রেস সচিব
- আপডেট সময় : ০১:১৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 188

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সব ধরনের সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ করতে। সংস্কারসহ সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই নির্বাচন সম্ভব।”
তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে ডিসেম্বরের মধ্যেই প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। এছাড়া ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ রাখার বিষয়েও আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও নির্বাচন সংক্রান্ত কয়েকটি প্রস্তুতির কথা তুলে ধরেন।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুরুতে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করলেও, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ডিসেম্বরেই ভোট চেয়ে আসছিল।
এই নিয়ে মতপার্থক্য তৈরি হলেও পরে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকে উভয়পক্ষ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সম্মত হয়।












