চুপ্পুকে নিয়ে কী ভাবছে বিএনপি?
- আপডেট সময় : ০৮:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 14

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)কে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর বক্তব্যে ভিন্নধর্মী অবস্থান সামনে এসেছে। একদিকে আইনমন্ত্রী অভিযোগের তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ ও তাকে গ্রেপ্তারের দাবিকে গুরুত্ব দেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন।
রোববার (২৬ জুলাই) পৃথক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দুই মন্ত্রীর এমন অবস্থান প্রকাশ পায়।
চট্টগ্রামে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অতীত দায়িত্ব পালন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তার কর্মকাণ্ড নিয়ে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। জনগণের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এবং ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময়কার কার্যক্রমও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, তদন্ত শেষ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকার কাউকে হয়রানি করতে চায় না, তবে অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে।
অন্যদিকে, একই দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ কিংবা তাকে গ্রেপ্তারের দাবিকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। তার ভাষ্য, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন নির্ধারিত নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের কথিত ফোনালাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ে কারও সঙ্গে কথা বলার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না।
সাবেক রাষ্ট্রপতিকে ঘিরে সরকারের দুই মন্ত্রীর এই ভিন্ন অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। একদিকে অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত, অন্যদিকে অভিযোগ ও গ্রেপ্তারের দাবিকে গুরুত্বহীন হিসেবে দেখার বক্তব্য—দুই মন্ত্রীর এই অবস্থান চুপ্পুকে নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।












