সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হাদিকে, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স
- আপডেট সময় : ১২:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 340

ঢাকায় এসে পৌঁছেছে শরিফ ওসমান হাদিকে নেওয়ার জন্য প্রস্তুত করা মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আজ দুপুরে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সব প্রস্তুতি ঠিক থাকলে আজ দুপুরেই অসপ্রে এভিয়েশনের ওই এয়ার অ্যাম্বুলেন্সে করে আহত শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশে নেওয়া হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। গত রোববার তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত দুই দিন ধরে হাদির চিকিৎসার সম্ভাব্য ব্যবস্থা নিশ্চিত করতে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মতামত এবং পরিবারের সঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানো হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
প্রেস উইং আরও জানায়, মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
হাদির চিকিৎসা-সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্র বহন করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। একই সঙ্গে তার চিকিৎসাপ্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে।













