কারা মহাপরিদর্শক মোতাহেরকে পদ থেকে প্রত্যাহার
- আপডেট সময় : ১১:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 2

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রেষণে থাকা এই কর্মকর্তাকে নিজ কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা বিএ-৪৯৫৪ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শক পদে চলমান প্রেষণ থেকে প্রত্যাহার করে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর বুধবার তাকে পদ থেকে প্রত্যাহার করা হলো।
এর একদিন আগে মঙ্গলবার (১৮ আগস্ট) কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেছিলেন মোতাহের হোসেন।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যায়। তাদের মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৬৯০ জন বন্দি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
তিনি আরও জানান, নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় এখনো ১৬৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।



















