খুলনায় একই স্থানে গুলিতে দুই যুবক নিহত
- আপডেট সময় : ১১:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 2

খুলনায় একই এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন মঞ্জু ও ১৮ বছর বয়সী নাজমুল।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় পৃথক এ হত্যাকাণ্ড ঘটে। পরপর দুই হত্যার ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আশিবিঘা কালভার্ট এলাকায় যাওয়ার সময় মঞ্জুকে লক্ষ্য করে ৮ থেকে ১০ জনের একটি দল কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মঞ্জুর শরীরে দুটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মঞ্জু আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন।
এর কিছুক্ষণ পর একই এলাকায় নাজমুল নামে আরেক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত নাজমুলের বাবার নাম মনির শেখ।
একই স্থানে অল্প সময়ের ব্যবধানে পরপর দুই যুবক গুলিতে নিহত হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। কী কারণে এ হত্যাকাণ্ড এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।



















