আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি
- আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 4

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে সরকারের প্রথম ১৮০ দিনে জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, সেটি জনগণই মূল্যায়ন করবে। তবে মানুষের প্রত্যাশা পূরণে আরও সময় প্রয়োজন।
জাতিসংঘের একটি প্রতিবেদনে আল-কায়েদা সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ওই প্রতিবেদন অনুমাননির্ভর। তাই অনুমানের ওপর ভিত্তি করে তৈরি কোনো প্রতিবেদনকে সরকার গুরুত্ব দিচ্ছে না।
এদিকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার।
ভবিষ্যতের জ্বালানি চাহিদা বিবেচনায় রেখে নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস মজুতের সক্ষমতা তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। এর মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি সমাধান তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদার বড় অংশ দেশীয় উৎস থেকেই পূরণ করা সম্ভব হবে।


















