বৈঠকে বসেছেন তারেক রহমান-ত্রিবেদী
- আপডেট সময় : ১২:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 6

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এর আগে রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো। সরকারি পর্যায়েও এ সম্পর্ক আরও শক্তিশালী ও কার্যকর রাখার প্রত্যাশা রয়েছে ভারতের।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘তারেক রহমান জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’
এ সময় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তির খরচ কমানো এবং ভিসা আবেদন কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ভিসা দেওয়ার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।
সাম্প্রতিক সময়ে ঢাকা-নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও প্রত্যাশার মধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।










