ভার্চুয়ালি তারেক রহমান
বিএনপি ক্ষমতায় এলে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু হবে
- আপডেট সময় : ০৬:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 116

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশের উন্নয়নের অংশ হিসেবে খাল খনন প্রকল্প গ্রহণ করা হয়েছিল। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ক্ষমতায় আনে, তাহলে এই খাল খননের কাজ পুনরায় শুরু করা হবে।
সোমবার বিকেলে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি রাজধানীর ফার্মগেটে অবস্থিত খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
তারেক রহমান খাল খননের গুরুত্ব তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে একদিকে বন্যা নিয়ন্ত্রণ করেছিলেন, অন্যদিকে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন। সেচ সুবিধার উন্নয়নের ফলে যেখানে এক ফসল হতো, সেখানে দুই ফসল উৎপাদন সম্ভব হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কিছু অঞ্চলে তিনটি ফসলও উৎপাদিত হতে শুরু করেছিল।
তিনি আরও বলেন, সেই সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছিল এবং অল্প পরিমাণ হলেও দেশে খাদ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছিল। খাল খননের মাধ্যমে পানির সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ায় ফসলের উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পেয়েছিল।












