বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আপডেট সময় : ০৫:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 235

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারা দেশজুড়েই সপ্তাহজুড়ে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে ভ্যাপসা গরমও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২৩ জুলাই) দেশের ছয়টি বিভাগে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হয়েছে। কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে—৩৩ মিলিমিটার।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকাসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এদিকে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ ছাড়াও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অনেক স্থানেই প্রশমিত হতে পারে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকলে তা মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়; ৩৮ থেকে ৪০ হলে তা মাঝারি, ৪০ থেকে ৪২ হলে তীব্র এবং ৪২-এর ওপরে গেলে তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, বৃহস্পতিবারের মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দেশের সব বিভাগেই বৃষ্টির প্রবণতা বাড়বে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে প্রথমে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে এবং পরে উত্তরাঞ্চলেও ভারি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে প্রচলিত মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারি বর্ষণও হতে পারে।
সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি মাত্রায় সক্রিয়। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।















