দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৯:২৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 21

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার (১২ আগস্ট) দলীয়ভাবে রাষ্ট্রপতি প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
রোববার (৯ আগস্ট) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দুই জ্যেষ্ঠ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছিল জাতীয় স্থায়ী কমিটি। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন (ইসি) থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এর আগে বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হলে তার নির্বাচিত হওয়ার পথ অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
তবে সংসদে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেন কি না এবং ভোটের প্রয়োজন হয় কি না, সেটিই এখন দেখার বিষয়। যদি মির্জা ফখরুল একমাত্র বৈধ প্রার্থী হিসেবে থাকেন, তাহলে সংসদে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হতে পারে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিদ্বন্দ্বিতা হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে।
রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।















