শিক্ষার্থী হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৩:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 6

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাতে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন; অনিক, আকাশ ও চান্ডি বাবু। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, নিহত ওয়াজেদ সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি।
পথে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন সীমান্ত। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা নিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ওয়াজেদ সীমান্ত দেওভোগ এলাকার বাসিন্দা মো. আলম পারভেজের ছেলে।
আদালত সূত্র জানায়, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও মামলার অন্যান্য নথি পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।
আদালত সূত্র আরও জানায়, দণ্ডপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে এর আগেও ছিনতাই, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।


















