
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা এবং বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থানের আদর্শে বিশ্বাসী ঐক্যবদ্ধ মোর্চা ও জুলাই ঐক্য।
সোমবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি এ কর্মসূচির কথা জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে কর্মসূচিটি শুরু হবে। এতে সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর কয়েকজন নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। কর্মসূচির নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকরা।
সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে ভারতের ঘনিষ্ঠ কিছু গোষ্ঠী নতুন করে বাংলাদেশকে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দাবি, ওই সময় সংঘটিত হত্যাকাণ্ডে অভিযুক্তদের আশ্রয় দেওয়া হয়েছে এবং সাম্প্রতিক ঘটনাগুলো ঘিরে উসকানিমূলক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা জানান, বাংলাদেশে কোনো ধরনের আধিপত্যবাদ তারা মেনে নেবে না।
ঘোষণায় আরও বলা হয়, কর্মসূচি থেকে ভারত সরকার ও দেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নির্দিষ্ট দাবির বিষয়ে আলটিমেটাম দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের দেশে ফিরিয়ে না আনা হলে উদ্ভূত পরিস্থিতির দায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিতে হবে বলে সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। এ প্রেক্ষাপটে দেশ রক্ষার আন্দোলনে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com