
সেন্টমার্টিনের উপকূলে ইউরিয়া সার পাচারের সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ এবং পাচারে জড়িত ১১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটে ৭ মে (বুধবার) ভোর রাত ৪টার দিকে। কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে ৪ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি নজরে আনে। ওই সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছিল, ফলে নৌকাটির উপস্থিতিই ছিল অবৈধ।
কোস্ট গার্ড সদস্যরা থামার নির্দেশ দিলে নৌকাটি পালানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে অবশেষে নৌকাটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৭৪২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
আটক ১১ জনের মধ্যে কয়েকজনের বাড়ি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে, বাকিরা চট্টগ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা রাখাইন রাজ্যে ইউরিয়া সার পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেছিল।
জব্দকৃত সার টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রপথে অবৈধ পণ্য পাচার রোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com