
রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রাত ৭টা ৪৭ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থল থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার। তিনি জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয়।
শাহজাহান সিকদার বলেন, প্রথমে ভবনের ছাদ থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে ধাপে ধাপে আরও ১৫ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে ৯ জন নারী, ৭ জন পুরুষ এবং ২ জন শিশু রয়েছেন।
তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছর ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। সে সময় ভবনের একাধিক রেস্তোরাঁয় নানা বয়সী মানুষ রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অনেকের মৃত্যু হয়, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com