জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ সম্পর্কে দেশের মানুষ ৫ আগস্টেই তাদের রায় জানিয়ে দিয়েছে। এখন আন্দোলনে যুক্ত প্রতিটি রাজনৈতিক দলের উচিত দলটির বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করা। বিএনপি-জামায়াতসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা এ বিষয়ে স্পষ্ট বার্তা চাই। অন্যথায়, তাদের বাদ দিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এনসিপি নিজস্বভাবে আন্দোলন চালিয়ে যাবে।
শনিবার (৩ মে) রংপুরের পীরগাছার ধোলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈশাখী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ‘ওরাও’ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র অনুযায়ী সরকারকে যে বাড়তি সময় দেওয়া হয়েছিল, তারও মেয়াদ পেরিয়ে যাচ্ছে। এখন স্পষ্টভাবে জানতে চাই—জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সরকারের অবস্থান কী? ওই ঘোষণাপত্রে মৌলিক সংস্কারের পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টিও লিখিতভাবে অন্তর্ভুক্ত থাকতে হবে।
তিনি আরও বলেন, “জুলাইয়ের আন্দোলনে যে জনআকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়নে এখন সংস্কার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে। এরপর নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। যদি সংস্কার ও বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা হয়, তাহলে এনসিপির নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনার মধ্যে থাকবে।”
দল গোছানোর অগ্রগতি সম্পর্কে তিনি জানান, “এনসিপিকে সারাদেশে ছড়িয়ে দিতে সংগঠন নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের সাংগঠনিক টিম গঠন সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই উত্তরাঞ্চলের টিম ঘোষণা করা হবে। পাশাপাশি জেলা ও উপজেলা কমিটিগুলোরও ঘোষণা দেওয়া হবে। অল্প সময়ের মধ্যেই নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা হবে।”
করিডর ইস্যুতে মন্তব্য করে আখতার হোসেন বলেন, “জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত রাজনৈতিকভাবে গ্রহণ করা উচিত। করিডরের প্রয়োজনীয়তা কিছু ক্ষেত্রে থাকতে পারে, তবে তা এককভাবে নয়—রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে সিদ্ধান্ত নেওয়া উচিত।”
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com